ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফার কাছে নালিশ করবে ইরান

বিশ্বকাপে ইরান ফুটবল দলের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে ভীষণ ক্ষুব্ধ ইরান ফুটবল ফেডারেশন। এই বিষয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে তারা।

২২ জুন লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিপক্ষে গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে মাঠে নামবে ইরান। স্থানীয় সময় দুপুর ১২টায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা।

ম্যাচের প্রস্তুতি নিতে মেক্সিকোর টিহুয়ানায় অবস্থিত বেজক্যাম্প থেকে খেলা শুরুর দুই দিন আগে ইরান দল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পৌঁছাতে চেয়েছিল।

কিন্তু আয়োজক কর্তৃপক্ষ ইরানের আবেদন নাকচ করে দিয়েছে বলে জানিয়েছেন দেশটির ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র।

ইরান ফুটবল ফেডারেশনের মুখপাত্র বলেছেন, টুর্নামেন্টের প্রস্তুতির সব সূচি অনেক আগেই জমা দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও ইরান জাতীয় ফুটবল দল আবারও আয়োজকদের পক্ষ থেকে নানা নিষেধাজ্ঞার মুখে পড়েছে। এর ফলে দলের কোচ ও টেকনিক্যাল স্টাফদের পরিকল্পনা বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে।

আবেদন নাকচ হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে মুখপাত্র আরও বলেন, ‘লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় দুপুর ১২টায় ম্যাচ শুরু হবে। কড়া রোদের গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া, শেষ মুহূর্তের অনুশীলন সম্পন্ন করা এবং চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার লক্ষ্যেই আমরা দুই দিন আগে সেখানে যাওয়ার অনুমতি চেয়েছিলাম। কিন্তু সব যৌক্তিক কারণ দেখানোর পরও আমাদের অনুরোধ আবারও প্রত্যাখ্যান করা হয়েছে। ফেডারেশন যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এই সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করবে এবং ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করবে।’

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইরান। ম্যাচ শেষ হওয়ার রাতেই লস অ্যাঞ্জেলেস ছাড়তে বাধ্য করায় ইরান ফুটবল দল আয়োজকদের ওপর দারুণ ক্ষুব্ধ ছিল।

তবে ইরানের অভিযোগ ও অসন্তোষের জবাবে নিজেদের যুক্তি তুলে ধরেছে মার্কিন প্রশাসন। হোয়াইট হাউসের ‘ফিফা টাস্কফোর্স’-এর নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি সিবিএস নিউজকে জানান, ইরানকে অনেক আগেই পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে ম্যাচের আগের দিন, তার আগে নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *